কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর।
অপরদিকে, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম জানান, মিরপুর পৌর এলাকা থেকে নাশকতার মামলার আসামি আট বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরো জানান , কয়েকদিন আগে নাশকতার চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সে সময় অনেকে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে অনেকের নাম পাওয়া যায়। সকালে তাদের মধ্যে আটজনকে মিরপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী দাবি করেন, শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে সেখান থেকে নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারকৃত আট নেতাকর্মীর নাম ও পদবি বলেছেন তিনি।
তারা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান টুটুল, মিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল, পোড়াদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন, পোড়াদহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আকাশ, যুব দলের কর্মী শহিদুল ইসলাম, ছাত্রদলের কর্মী জুবায়ের আহমেদ এবং যুবদলের কর্মী শাহিন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051