শিক্ষার্থীদের আন্দোলন ও মানববন্ধনের প্রেক্ষিতে চলমান ও রুটিন হওয়া পরীক্ষাসমূহ ‘সশরীরে স্বাস্থ্যবিধি মেনে’ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় সরকারি নির্দেশনা মেনে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
তবে সিদ্ধান্তের পর শনিবার (২২ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীরা ‘স্বাস্থ্যবিধি মেনে সশরীরে’ পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আন্দোলন ও মানববন্ধন শুরু করেন। তারা সেখানে ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন তা গুরুদণ্ড’, ‘এক সেমিস্টারে দুই বছর, চাকরি করবো কোন বছর’, ‘বাণিজ্য মেলা চলে, পরীক্ষা কেন বন্ধ’, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’ সহ নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন।
নূর হুসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান, আইন বিভাগের শিক্ষার্থী রাসেল মিয়া প্রমুখ বক্তব্য প্রদান রাখেন।
মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহেরের সঙ্গে মোবাইলফোনে আন্দোলনকারীদের কথা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানালে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে পরীক্ষার পাশাপাশি অনলাইনে ক্লাস, সীমিত পরিসরে ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস, স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের হলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051