নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির পুষনা শহীদ শরিফুল ইসলাম ৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা । ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
সরেজমিনে সোমবার দেখা গেছে,রাস্তা থেকে স্কুলের মাঠ নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই । আর স্কুলটি চারপাশে পুকুর থাকায় থৈথৈ করছে পানি। মাঠটির বেশির ভাগ অংশই কচুরিপানা, আগাছায় ভরে গিয়ে জলমগ্নে পরিণত হয়েছে। অল্প কিছু অংশে পানি না থাকলেও তা কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাথীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় কোমলমতি শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড়। এছাড়া মাঠে জমে থাকা কাদা পানির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়াসহ শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না।
এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান, শিক্ষার্থী ও অভিভাবক মহল। স্থানীয়রা জানায়, মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে হাটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শিশু শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা থাকে না। কিন্তু জলাবদ্ধতা নিরসনে বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
প্রধান শিক্ষক শওকত আলী বলেন, এই স্কুলে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘ ৯বছর ধরে বর্ষার সময় পানি জমে থাকায় স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। এ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার জানান, মাঠটি নিচু হওয়ার কারণে বর্ষার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারীভাবে মাঠ ভরাটের বরাদ্দ না থাকায় এ জন্য উপজেলা মাসিক মিটিংয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করা হলেও কোন কাজ হয়নি।
সদর ইউপি পরিষদের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ জানান,স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনে কোন বরাদ্ব না থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তার পরও মাটি ভরাটের জন্য শ্রমিক পাঠানো হয়েছিল কিন্তু সেখানে কোন মাটি পাওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051