বেনাপোল কাস্টমস হাউস থেকে অবৈধভাবে রাখা চারটি ওয়ান শুটার গান জব্দ করেছে বন্দর থানা পুলিশ।
রবিবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি তালাবদ্ধ রুমে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল কাস্টম হাউসে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুড়ে যাওয়া মালামালের মধ্যে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসে এন্টি শাখার পাশে পুরোনো একটি অফিস রুম রয়েছে। তবে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় অব্যবহৃত কিছু মালামাল রেখে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। রোববার সন্ধ্যায় ওই রুম থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় পুড়ে যাওয়া পণ্যের মধ্যে চারটি ওয়ান শুটার গান রয়েছে। তবে কারা এগুলো সেখানে রেখেছে তা জানা যায়নি।
এদিকে ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমস হাউস সম্পূর্ণ সিসি ক্যামেরা ও অস্ত্রধারী আনসার এবং আর্মডস পুলিশ নিয়ন্ত্রিত। তিন বছর আগে কাস্টমস হাউসের লকার থেকে ২০ কেজি স্বর্ণ চুরি হলেও আজ পর্যন্ত তা উদ্ধার বা রহস্যের জট খুলেনি। এর মধ্যে আবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।
সংশ্লিষ্টরা বলছেন, কারা কী উদ্দেশ্যে এ আগ্নেয়াস্ত্র সেখানে মজুত রেখেছিল তা খতিয়ে দেখা জরুরি।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, অস্ত্রগুলো অনেক পুরোনো। তবে কীভাবে রুমের মধ্যে এল তা পুলিশ তদন্ত করবে।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমসের ওই পরিত্যক্ত রুম থেকে চারটি ওয়ার শুটার গান জব্দ করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051