গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একা (৪২)। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার।
এর আগে গত ২২ আগস্ট রাজধানীর হাতিরঝিলের উলন রোডের বাসায় গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জামিন পান ঢাকাই সিনেমার অভিনেত্রী একা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জামিনের আদেশ দেন। তার আগে গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পান অভিনেত্রী একা।
গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী একাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশ একার বাসায় অভিযান চালিয়ে রুমের বিছানার ওপর থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৫৫০ মিলিগ্রাম মদ উদ্ধার করে। এ ঘটনায় হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।
এরপর ১ আগস্ট একাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এজাহারে বাদী উল্লেখ করে বলেন, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে তিন মাস ধরে কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ছয় হাজার টাকা চান। তখন একা তাঁকে বলেন, ‘তোকে দিয়ে আর কাজ করাব না।’ এরপর হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন। পাওনা টাকা না দিলে যাবেন না জানালে হাজেরা বেগমকে এলোপাতাড়ি মারপিট করেন একা এবং রান্নাঘর থেকে বটি এনে মাথায় কোপ দেন। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর বাঁ-হাত জখম হয়। তখন ভিকটিম চিৎকার দিলে একা তাঁর মুখ চেপে ধরে ভয়ভীতি দেখান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051