স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা কারাগারে নারী বন্দীদের সঙ্গে থাকা তাঁদের শিশু সন্তানদের জন্য মিনি ‘শিশুপার্ক’ স্থাপন করা হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক উৎকর্ষ বিকাশের জন্য এতে নানা রকম রাইড ও খেলার সামগ্রী রাখা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এই ইনডোর মিনি ‘শিশুপার্কটির’ উদ্বোধন করেন। কারা কর্তৃপক্ষ এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির যৌথ উদ্যোগে এটি স্থাপন করা হয়। নাম দেওয়া হয়েছে ‘শিশু নিকেতন’।
এতে শিশুদের জন্য প্লেপ্যান, এলিফ্যান্ট দোলনা, ইয়ো ইয়ো ফিশ, ডিয়ার রাইডার, মিকি রাইডার, তিন চাকার গাড়ি, প্লাস্টিকের ঘোড়া, শিশুতোষ গল্পের বই ও অন্যান্য খেলনা সামগ্রী রাখা হয়েছে।
কারাগারটির জেলার জয়নাল আবেদীন ভূঞা জানান, অনুর্ধ্ব-৫ বছরের শিশুদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। বুধবার পর্যন্ত কারাগারে ৩ জন শিশু ছিল। তাদের একজনের মা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে ও বাকি দুইটি শিশুর মা হত্যা মামলায় কারাবন্দী। কারাকর্তৃপক্ষ শিশুদের জন্য শিশুখাদ্যসহ বিভিন্ন বিশেষ সুবিধা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত জেল সুপার প্রতীক মণ্ডল, জেলার জয়নাল আবেদীন ভূঞা, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ডা. আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051