গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনার টিকা প্রদান কার্যক্রম আগামীকাল রোববার (১৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকরা সরাসরি কারখানায় থেকেই করোনার টিকা নিতে পারবেন। শনিবার (১৭ জুলাই) রাতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রোববার সকালে গাজীপুরে পোশাকশ্রমিকদের করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজ ভ্যালি নামে চারটি পোশাক কারখানার শ্রমিকদের (যাদের বয়স কমপক্ষে ১৮ বছর) এই টিকা দেওয়া হবে।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের টিকা দান কর্মসূচি (ইপিআই) সুপার মো. আমজাদ হোসেন জানান, চারটি কারখানা থেকে শ্রমিকদের নাম, বয়স, এনআইডি নম্বরের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঈদের আগে রোববার সকালে ওইসব কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের করোনার টিকা দেওয়া হবে। তুসুকা ডেনিম ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার ২০০, স্প্যারো পোশাক কারখানার ৪ হাজার এবং রোজ ভ্যালি কারখানার ২ হাজার ৭০০ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদফতরের সম্মতি নিয়ে রোববার থেকেই গাজীপুরে টিকা প্রদান কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এই টিকার আওতায় আনা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051