
মুকুল ম্রিয়মাণ
টবে তোলা জমাট কথাগুলো হতে
এখন লিটমাস ফুল ফোটে,
হাওয়ামিষে বড় হয় কবিতার লাল শরীর,
গভীরে মিহি ক্ষত,উপরে উর্বরা শেকড়!
শ্লীল অশ্লীল বিতর্কে বিপন্ন ইথার,
কাকে কবি বলে বিশ্বাস করবো?
চারিদিক এতো এতো শব্দদূষণ
মগজে ঘষছি ক্লোরোফাম পাতা।
প্রজনন সক্ষম সকল শব্দরা মেনে নিয়েছে বন্ধ্যত্ব;
মাঠে নেমেছে তাই গাণিতিক কবি, অ্যালজেবরা কবিতাবলি,সেটাও সান্ত্বনা।
কোথাও জীবনের মিছিল নেই
সমগ্র গ্রহে ই-কমার্স ই-কমার্স শ্লোগান।
কথার আড়ালে আমিও তাই মোড়কজাত করছি কাব্যপণ্য,বৈশ্বিক সুবিধা,কবিতাও নিচ্ছে ইউটার্ন।
কাকে কবিতা বলে বিশ্বাস করবো?
ভিন্নবার্তা/এমএসআই