করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’ এমন স্লোগান ধারণ করে মাঠে আরও কঠোর হয়েছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব বজায় এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করছেন সেনা সদস্যরা।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং নির্দিষ্ট কিছু সেবা প্রতিষ্ঠান ও দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়।
প্রথম কয়েকদিন নির্দেশনা মানা হলেও গেলো কয়েকদিন আবার এর ব্যত্যয় ঘটতে শুরু করে। আর এ কারণেই মাঠে আরও কঠোর হয়েছে সেনাবাহিনী। তারা মানুষকে যেকোনো মূল্যে ঘরে রাখার কর্মসূচি নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) এমনই চিত্র দেখা গেছে ফেনীতে। শহরের ট্রাংক রোড, দোয়েল চত্বর, খেঁজুর চত্বর ও বড় বাজারে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এসময় তারা পথচারীদের ঘরে ফেরার জন্য অনুরোধ করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে রাখার আহ্বান করেছেন। একইসঙ্গে আইন অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে দোকানদারকে ২০০ টাকা জরিমানাও দিয়েছেন।
সেনাবাহিনীর কার্যক্রম প্রসঙ্গে ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির মেজর নাইম রেজওয়ান বাংলানিউজকে বলেন, শুরু থেকেই ফেনীতে সেনাবাহিনীর একটি পেট্রোল কাজ করে আসছে। আজ এখানে কাজ করছে তিনটি পেট্রোল। আমরা চাইব যেকোনো মূল্যে মানুষকে ঘরে ফেরাতে। আমরা প্রথমে মানুষকে অনুরোধ করব। অনুরোধ না শুনলে কঠোরতা আরোপ করব। আমাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পুলিশও থাকবে। সাধারণ জনগণ আইন অমান্য করলে প্রয়োজনে জেল-জরিমানাও করা হবে।
তিনি বলেন, সরকার ঘোষিত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছুটিতে হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা সেনা টহল পরিচালনা করছি। এ সিদ্ধান্ত মানতে জনগণকে উদ্বুদ্ধ করছি। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি হতদরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষকে মাস্ক বিতরণ করেছি। হাত ধোয়ার জন্য সাবান দিচ্ছি। একইসঙ্গে রাস্তায় জীবণুনাশক তরল ছিটিয়েছি। যানবাহনে জীবাণুনাশক ছিটিয়েছি।
মেজর নাইম রেজওয়ান বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে সতর্কভাবে চলতে উদ্বুদ্ধ করা।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কঠোরভাবে কাজ করব। আমরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে কাজ করছি।
‘ফেনী সদরসহ জেলার বাকি পাঁচটি উপজেলাতেও টহল জোরদার করবে সেনাবাহিনী। শহর থেকে গ্রামীণ জনপদেও জনসচেতনতায় কাজ করবে তারা।’
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051