ফেনীর সোনাগাজীতে লাইনে দাঁড়িয়ে করোনার টিকা দিতে দেরি হওয়ায় হাসপাতালে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় গ্রাম পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ২০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা হামলার অভিযোগে বিক্রম চন্দ্র মজুমদার ও বিনয় চন্দ্র মজুমদার নামে দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
অবশ্যই তারা মুচলেকা দিয়ে রাতেই থানা থেকে ছাড়া পেয়েছেন। তাদের বাড়ি উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামে।
আহতরা হলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ নাছির উদ্দিন, মো. শিমুল, স্বেচ্ছাসেবক মো. মুরাদ, টিকা নিতে আসা আলমগীর হোসেন ও মোশারফ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল থেকে দুই সহস্রাধিক নারী-পুরুষ করোনার টিকা নিতে উপজেলার মঙ্গলকান্দি ২০ শয্যার হাসপাতালের মাঠে জড়ো হয়ে লাইনে দাঁড়ান। সকাল ৯টার আগে টিকা দেওয়া শুরু হয়। বেলা ১১টার দিকে বিক্রম ও বিনয় টিকাকেন্দ্রে গিয়ে লাইনে না দাঁড়িয়ে সরাসরি টিকার বুথে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
তখন শৃঙ্খলার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা টিকার কার্ডটি স্ক্যান করার পর টিকা দেওয়া হবে বলে জানিয়ে তাদের লাইনে দাঁড়ানোর অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিক্রম ও বিনয় গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে হামলা–ভাঙচুরে জড়িয়ে পড়েন। তারা চেয়ার দিয়ে হাসপাতালের একটি দরজা, কয়েকটি জানালার গ্লাস ও একটি স্টিলের আলমারি ভাঙচুর করেন।
এই পরিস্থিতিতে টিকা নিতে আসা লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় তাদের বাধা দিতে গিয়ে দুই গ্রাম পুলিশ, একজন স্বেচ্ছাসেবক ও দুইজন টিকা গ্রহীতাসহ পাঁচজন আহত হন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এরপর কিছু সময় টিকাদান বন্ধ ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর আবার টিকাদান শুরু হয়। রাতে আটককৃত দুই ভাই নিজেদের দোষ স্বীকার করে আহতদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের ক্ষতি পুষিয়ে দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পায়।
মঙ্গলকান্দি ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, টিকা নিতে আসা বিক্রম ও বিনয়কে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলায় চেয়ার দিয়ে পিটিয়ে তাঁর পরিষদের দুই গ্রাম পুলিশ, এক স্বেচ্ছাসেবক ও দুই টিকা গ্রহীতাসহ পাঁচজনকে আহত করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আটক দুজনকে থানায় নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ না দেয়ায় হাসপাতালের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ব্যয় বহনের শর্তে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের থেকে মুচলেকা নিয়ে ফের তাদেরকে ছাড়িয়ে নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, দৈনিক এক হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এরপরও টিকা নিতে প্রতিদিন কয়েক হাজারো মানুষ হাসপাতালে এসে ভিড় জমায়। লাইনে দাঁড়িয়ে টিকা নিতে বলায় গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক ও দুই টিকা গ্রহীতাকে পিটিয়ে আহত করেছে বিক্রম ও বিনয় নামের ভাই। ভাঙচুর চালিয়ে হাসপাতালেরও ব্যাপক ক্ষতি করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051