বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। সন্তানসম্ভবা অবস্থায় প্রায় দশ দিন তিনি করোনার সঙ্গে লড়াই করেছেন। আজ (শুক্রবার) সকালে তার সন্তানের জন্ম হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম বলেন, ‘বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সকালে তার সন্তানের জন্ম হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।’
রিফাতের সহকর্মী ও বন্ধু তারেক হাসান জানান, রিফাতের যমজ দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি আছেন। রিফাতের এমন মৃত্যুতে পরিবার শুধু নয়, তার সহকর্মীরাও শোকাহত।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এর আগ পর্যন্ত ৩৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছিল। রিফাতকে নিয়ে এ সংখ্যা ৩৫ হলো। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন সংবাদকর্মী। গত ১০ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে মারা যান প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার।
দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানসহ আরও অনেকে।
রিফাত সুলতানার মৃত্যুতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) শোক জানিয়েছে। বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ শোকবার্তায় জানান, বিজেসি তার আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। গর্ভকালীন অবস্থাতেই করোনায় আক্রান্ত হন। জটিল পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করা হলে সকালে অপারেশন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051