চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক রোগী মৃত্যুবরণ করেছেন। স্বামীকে হারিয়ে স্ত্রী কুলসুমা বেগম অতি শোকে কাতর হয়ে ছুরি হাতে নিয়ে হাসপাতালে থাকা ডাক্তার ও নার্সসহ অন্যান্য রোগীর স্বজনদের আঘাত করার চেষ্টা করেন।
শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলার আইসোলেশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।
আইসোলেশন ওয়ার্ডে থাকা প্রত্যক্ষদর্শী মিশন বেপারীসহ একাধিক ব্যক্তি জানান, গত তিন-চার দিন ধরে কুলসুমা বেগম তার করোনায় আক্রান্ত স্বামীকে নিয়ে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়স্বজন খোঁজখবর না রাখায় এবং তাকে হাসপাতালে দেখতে না আসায় তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। তার স্বামীর অক্সিজেন লেভেলও অনেকটা কম ছিল। যার কারণে তিনি শুক্রবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে মুহূর্তেই স্বামীর এমন মৃত্যুর দৃশ্য দেখে তিনি মানসিকভাবে অতি শোকে কাতর হয়ে ফল কাটার ছুরি নিয়ে ডাক্তার এবং নার্সদের ধাওয়া করেন। একই সঙ্গে হাসপাতালে থাকা অন্যান্য রোগীর স্বজনদেরও ছুরি উঁচিয়ে ভয় দেখান। প্রায় ১০-১৫ মিনিট ছুরি নিয়ে এমন ধাওয়া করে একসময় নিজেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে হাসপাতালের ফ্লোরে লুটিয়ে পড়েন।
এমন ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান।
নিহত দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তার মামা দীর্ঘদিন যাবত কুয়েতে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তার শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। এসব রোগ থেকে সুস্থ হতে সেখানে চিকিৎসা করালেও তিনি কোনোভাবেই সুস্থ হয়ে ওঠেননি। তাই চিকিৎসার জন্য গত চার-পাঁচ বছর আগে কুয়েত থেকে তিনি দেশে ফিরে আসেন। গত ৪ দিন পূর্বে তার মামা হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি হন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মৃত রোগী গত দুই দিন পূর্বে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। অক্সিজেন লেভেল অনেক কমে যাওয়ায় শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা শুনেছি তার স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে মানুষকে ধাওয়া করেছেন। এতে তিনি অতি শোকে ভায়োলেন্ট হয়ে এমনটা করেছেন। পরে কিছু সময়ের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051