করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লায়লা আরজুমান বানু ২ মেয়ে, এক ছেলে রেখে গেছেন। মন্ত্রীর ছেলে তুষার এ তথ্য নিশ্চিত করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মোজাম্মেল সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিএমএইচে রাখা হয়। অবশেষে তিনি করোনার কাছে হেরে না ফেরার দেশে চলে গেছেন।
১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051