
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন থেকে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে এডিবি যে ধারণা করেছিল ক্ষতির হার তার দ্বিগুণ এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কড়াকড়ি পদক্ষেপের কারণে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এক প্রকার অচল হয়ে পড়েছে। ঠিক সেই সময়ে ক্ষতির সম্ভাব্য খতিয়ান দিল এডিবি।
এমন পরিস্থিতিতে মহামারির কারণে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে নানা আগ্রাসী পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশের সরকার।
এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুকি সাওদা বলেছেন, ‘এই পর্যালোচনায় করোনাভাইরাস মহামারি বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলেছে তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। অর্থনীতির ক্ষতি প্রশমনে নীতিগত হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে’।
পূর্বাভাসে এডিবি বলেছে, বৈশ্বিক অর্থনীতির এই অচলাবস্থা, অর্থাৎ যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের ওপর বিধিনিষেধ যদি আগামী ছয় মাস বহাল থাকে তাহলে সর্বোচ্চ ক্ষতি (৮.৮ ট্রিলিয় ডলার) হতে পারে। আর এ অবস্থা যদি তিন মাস চলে তাহলে কিছুটা কম ক্ষতি (৫.৮ ট্রিলিয়ন ডলার) হতে পারে।
ক্ষতি সামাল দিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে। নানা ধরনের প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। তবে তাতেও ক্ষতি কতটুকু পুষিয়ে ওঠা যাবে তা নিয়ে সন্দেহ রয়েই গেছে।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে। গত দুই মাসে দেশটিতে নতুন করে বেকার হয়েছেন তিন কোটি ৬০ লাখের বেশি মানুষ। গত এক সপ্তাহে দেশটিতে নতুন করে বেকার হয়েছেন ৩০ লাখ মানুষ। সবমিলিয়ে দেশটির মোট কর্মজীবী মানুষের প্রায় এক-চতুর্থাংশই এখন বেকার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, প্রথমে ধারণা করা হয়েছিল ক্ষতি কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না। এখন সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কষ্টদায়ক হলেও অনেক ধীর গতিতে আমাদের এ সংকট থেকে বের হতে হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051