পাবনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ভাইরাল হওয়া আওয়ামী লীগনেত্রী আজমেরি সুলতানা পলি ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। এদিকে করোনায় মারা গেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র মেহেদী হাসান।
আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুজানগর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমেরি সুলতানা পলির (৪০) মৃত্যুর খবর ভাইরাল হয়। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন এই মৃত্যুর সত্যতাও নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।
পরে জানা যায়, ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পলি। তাঁর স্বামী আবুল কালাম আজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
পলি দীর্ঘদিন ধরে অসুস্থ। গত সপ্তাহে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গতকাল শনিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পলির স্বামী আবুল কালাম আজাদ জানান, তাঁর স্ত্রী পলি মারা যাননি, লাইফ সাপোর্টে রয়েছেন। যেকোনো সময় তাঁর যেকোনো খবর আসতে পারে। তাঁরা তাঁর জন্য প্রস্তুত রয়েছেন।
অপরদিকে আজ ভোরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাবিপ্রবির ছাত্র মেহেদী হাসান (২২)। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. আলিম জানান, বেশ কয়েকদিন ধরে মেহেদী ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর আজ তিনি মারা যান। তাঁর মৃত্যুতে পাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মেহেদী হাসানের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলী, কোষাধ্যক্ষ ড. আনোয়ার পারভেজ খসরু, বাংলা বিভাগের শিক্ষক ড. এম আব্দুল আলীম, ড. আওয়াল কবির জয়, কামাল হোসেন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051