রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।
চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে ৩৪০ জনের মৃত্যু হলো। এর আগে গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৯ জন। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ ৯ জনের মধ্যে নাটোরের দুজন, চুয়াডাঙ্গার এক, চাঁপাইনবাবগঞ্জের তিন এবং তিনজন রাজশাহীর বাসিন্দা ছিলেন।
উপসর্গ নিয়ে রাজশাহীর আরও ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের তিন ও নওগাঁর দুজন করে মারা গেছেন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৫৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051