দেশে গত এক দিনে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যুহীন থাকল বাংলাদেশ। সর্বশেষ ২৫ ডিসেম্বর একজন করোনা রোগীর মৃত্যুর খবর এসেছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন ১৩ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কমে শূন্য দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ১ দশমিক শূন্য ৩ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১০২ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩৯ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৮৩ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া পাবনা ও সিলেটে দুজন করে এবং টাঙ্গাইল, রাজশাহী, জয়পুরহাট ও কক্সবাজারে একজন করে নতুন রোগী মিলেছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051