বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে এক দিনে তিন লাখ ১৫ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই দিন রেকর্ড প্রায় ৯ লাখ আক্রান্ত নথিবদ্ধ হয়েছে বিশ্বে। ভারতে শুধু আক্রান্তেই রেকর্ড হয়নি, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণহানিও হয়েছে সর্বোচ্চ। নতুন করে দুই হাজার ৭৪ জনের প্রাণহানি হওয়ায় সেখানে করোনাজনিত মৃত্যু দাঁড়াল এক লাখ ৮৫ হাজারে। তা ছাড়া দেশটিতে সর্বাধিকসংখ্যক চিকিৎসাধীন রোগী থাকায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনার প্রথম ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ পেরোয়নি। দ্বিতীয় ঢেউয়ে গত ৫ এপ্রিল প্রথমবার দৈনিক আক্রান্ত এক লাখ পেরোয়। তার ১০ দিন পর ১৫ এপ্রিল ছাড়ায় দুই লাখের গণ্ডি। এর এক সপ্তাহ পরই ছাড়াল তিন লাখ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, গতকাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলো এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। গত ৫ এপ্রিল ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৮। দুই দিন ধরে তা দুই হাজার ছাড়াচ্ছে। গত বুধবার ছিল দুই হাজার ২৩, যেখানে গতকাল প্রাণ গেছে দুই হাজার ৭৪ জনের। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতের অবস্থান।
আক্রান্তের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতের বর্তমান আক্রান্তদের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র (৬৭ হাজার ৪৬৮), উত্তর প্রদেশ (৩৩ হাজার ১০৬), দিল্লি (২৪ হাজার ৬৩৮), কর্ণাটক (২৩ হাজার ৫৫৮) ও কেরালা (২২ হাজার ৪১৪) রাজ্যে। ছত্তিশগড়ে ১৪-১৫ হাজার করে আক্রান্ত হচ্ছে গত কয়েক দিনে। রাজস্থানেও লাফিয়ে বেড়ে তা ১৪ হাজারে পৌঁছেছে। মধ্যপ্রদেশ (১৩ হাজার ১০৭), গুজরাট (১২ হাজার ৫৫৩) ও বিহারেও (১২ হাজার ২২২) সংক্রমণ চড়চড় করে বাড়ছে। তামিলনাড়ুতে ১১ হাজার, পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। হরিয়ানায় তা সাড়ে ৯ হাজার পার করেছে। পাঞ্জাব, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, ওড়িশাতে আক্রান্ত পাঁচ হাজারের আশপাশে।
প্রতিবেশী দেশটিতে সংক্রমণে উল্লম্ফন ঘটায় বাড়ছে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়েছে এক লাখ ৩৩ হাজার ৮৯০। বর্তমানে ভারতে টিকিৎসাধীন রোগী আছে রেকর্ড ২২ লাখ ৯১ হাজার ৪২৮ জন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালগুলোতে শয্যা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
বিশ্ব পরিস্থিতি
বৈশ্বিক পরিসংখান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল বাংলাদেশ সময় ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বের ২১৯টি দেশ-অঞ্চলে শনাক্ত হয়েছে আট লাখ ৮১ হাজার ৯৩ জন। এর আগে এক দিনে এতসংখ্যক আক্রান্ত নথিবদ্ধ হওয়ার ঘটনা ঘটেনি। এতে বৈশ্বিক মোট আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ইতিমধ্যে সেরে উঠেছে ১২ কোটি ২৯ লাখ রোগী। আর প্রাণহানি হয়েছে ৩০ লাখ ৭১ হাজার মানুষের।
মেক্সিকো-পোল্যান্ডে মিলল নকল টিকা
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার জানিয়েছে, মেক্সিকো ও পোল্যান্ডে করোনাভাইরাসের যেসব সন্দেহজনক টিকার ডোজ জব্দ করা হয়েছে, সেগুলো নকল প্রতিষেধক। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর একটি ক্লিনিকে প্রায় ৮০ জন লোক ফাইজারের টিকার এই নকল ডোজ গ্রহণ করেছে। তবে এতে শারীরিকভাবে ক্ষতির আশঙ্কা নেই।
সূত্র : এএফপি, আনন্দবাজার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051