তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের ঘনবসতি দেশগুলোর মধ্যে অন্যতম। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। একইসঙ্গে তিনি করোনাকালে দেশের মানুষের খাদ্য ও কাজের কোনো সংকট হতে দেননি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু তাই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে দুই হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিশ্বের হাতেগোনা ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।’
বুধবার (২ জুন) দুপুরে ‘লিডারস ওয়েবসামিটে মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডিভালপমেন্ট-এআইবিডি দু’দিনব্যাপী এ আলোচনা সভার আয়োজন করেছে। সচিবালয় থেকে ভার্চুয়ালি এ আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী।
করোনাকালে দেশের গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে করোনা বিষয়ে ঠিক তথ্য দেয়া, স্বাস্থ্য সচেতনতাবার্তা প্রচার এবং গুজব রটনা প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে এবং সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন। অসংখ্য গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন।’
এআইবিডি পরিচালক ফিলোমেনা নানাপ্রাগাসাম-এর সভাপতিত্বে ‘মহামারির তথ্য প্রদানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় মালয়েশিয়ার কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া মন্ত্রী দাতো সাইফুদ্দিন আব্দুল্লাহ, নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ, ফিলিপাইনের তথ্যমন্ত্রী জোসে রুপার্টো মার্টিন আন্দানার এবং কম্বোডিয়ার তথ্য উপমন্ত্রী ড. সক প্রাসিথ বৈঠকে অংশ নেন।
এদিন বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি হওয়া সচিব খাজা মিয়া এবং অবসরে যাওয়া অতিরিক্ত সচিব জাহানারা পারভীনের বিদায় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ড. হাছান মাহমুদ।
এসময় মন্ত্রী সচিব খাজা মিয়ার পরবর্তী কর্মস্থল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েও তার দক্ষতা ও সাফল্য কামনা করেন। একইসঙ্গে জাহানারা পারভীনের কাজ ও মেধার প্রশংসা করে তার অবসর জীবনের শান্তি কামনা করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার বক্তব্যে বিদায়ী সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে তার কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ও শুভকামনা জানান।
অতিরিক্ত সচিব মিজান-উল-আলমের সঞ্চালনায় প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া সভায় সবার পক্ষে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর বিদায়ী সচিব খাজা মিয়া এবং অতিরিক্ত সচিব জাহানারা পারভীনকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051