চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা।
ওই আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়া মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়।’
এদিকে কনস্টেবল শওকত হোসেনের বরখাস্তের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এ প্রসঙ্গে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের পক্ষ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে যেখানে কনস্টেবল মোঃ শওকত হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর সাবেক কনস্টেবল মোঃ শওকত হোসেনকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ থেকে বরখাস্ত করার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রচার মাধ্যমে তার অতীতের কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হলেও কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। তিনি গত ০৯/১১/২০২১ খ্রিঃ থেকে ২০/০১/২০২২ খ্রিঃ পর্যন্ত কর্মস্থলে (বন্দর বিভাগ, সিএমপি) ইচ্ছাকৃতভাবে গরহাজির থাকেন। কোন যৌক্তিক কারণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে গরহাজির থাকা যেকোন শৃঙ্খলা বাহিনীর জন্য গর্হিত অপরাধ, যা চূড়ান্ত অসদাচরণ হিসেবে গণ্য।
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ আরো জানায়, শওকত হোসেনকে গত ০৮/০২/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স এর আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে গত ১৩/০৩/২০২২ খ্রিঃ তারিখে কুমিল্লা জেলায় বদলি করা হলে তিনি কুমিল্লায় যোগদান করেননি এবং রহস্যজনকভাবে গরহাজির থাকেন। তার গরহাজির সম্পর্কে কোন তথ্য কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেননি। পরবর্তীতে ৩৫৩ দিন পরে কুমিল্লা জেলায় যোগদান করেন। বস্তুত তিনি ৪২৪ দিন কর্মস্থল থেকে গরহাজির থাকেন। কুমিল্লা জেলায় গরহাজির থাকায় তাকে কৈফিয়ত তলব করা হয়েছে। তিনি কুমিল্লা জেলায় গরহাজির হওয়ার প্রতিবেদনে অসুস্থতাজনিত কারণে হাজির না হওয়ার কথা বললেও কোনো চিকিৎসা সনদ উপস্থাপন করতে পারেননি। তবে তিনি চাকরিতে গরহাজির থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই হাজির ছিলেন এবং তাকে কোন সময়ই শারীরিকভাবে অসুস্থ মনে হয়নি।
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ আরো জানায়,এক বছরের বেশি সময় কর্মস্থলে গরহাজির থাকা কেউ পুলিশের মতো একটি শৃঙ্খলা বাহিনীতে সংযুক্ত থাকতে পারেননা। এহেন অপেশাদার, শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রমের পরেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া তিনি নিজেই অভিযোগের ব্যপারে আত্মসমর্থনমূলক বক্তব্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিহিত করেছেন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং মানবিক কাজে সম্পৃক্ত থাকার কারণে পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
২০০৫ সালে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর ঢাকা থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসেন শওকত। আরও ছয় সহকর্মীকে সাথে নিয়ে কনস্টেবল শওকত রাস্তার পাশে স্বজনহীন কাউকে শরীরে ক্ষত নিয়ে পড়ে থাকতে দেখলেই ছুটে যেতেন। হাসপাতালেও যাদের ঠাঁই হয় না, সেই সব রোগীদের জন্য ব্যবস্থা করেন চিকিৎসা, খাবার আর পোশাকের। দীর্ঘদিন নীরবে কাজ করার পর ২০১৯ সালে ২৮ নভেম্বর নগর পুলিশের মাসিক কল্যাণ সভায় কনস্টেবল শওকত সেবার বিষয়টি প্রকাশ্যে আনেন। তার বক্তব্য শুনে তখনকার সিএমপি কমিশনার মাহবুবর রহমান ‘মানবিক পুলিশ ইউনিট’ চালু করেন।
রাস্তাঘাটে স্বজনহীন কোনো রোগী পড়ে থাকার খবর পেলেই ছুটে যেতেন এই ইউনিটের সদস্যরা। তাদের খাওয়া দাওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করতেন। মানবিক পুলিশ ইউনিটের এ কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে কনস্টেবল শওকতও আলোচনায় আসেন। বিভিন্ন রেডিও, টেলিভিশনে বিভিন্ন ধরনের আলোচনা সভায় তার ডাক আসতে থাকে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051