
কক্সবাজারে বখাটের ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছেন। কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া নামক স্থানে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোর্শেদ কামাল (২২) নামের ওই যুবক খুন হন।
শনিবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে ঘাটপাড়া বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলম ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে।
প্রসঙ্গত, গত তিন দিনে উপর্যুপরি স্থানীয় পিএমখালী, খুরুশকুল ও ঝিলংজা ইউনিয়নে তিনজন খুনের শিকার হলো।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানিয়েছেন, নিহত মোর্শেদ ও কোনার পাড়ার ফরিদুল আলমের ছেলে কফিল উদ্দীনের মধ্যে ঠাট্টার ছলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে একজন অন্যজনকে তিরস্কার করেন।
এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ কামালকে আকস্মিক ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয় এবং পেটে ছুরিকাঘাত করেন কফিল উদ্দীন। এতে গুরুতর আহত হয় মোর্শেদ আলম। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায়ই মারা যান মোর্শেদ কামাল।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পংকজ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাতে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে লাশ আনা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘাতক কফিল একজন বখাটে। এখনো ১৬/১৭ বছরের কিশোর হলেও চুরি-ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে সে। সে সব সময় ধারাল ছুরি নিয়ে চলাফেরা করে। মানুষের সঙ্গে কথায় কথায় ঝগড়া করে ঘাতক কফিল। তাদের একটি গ্যাংও রয়েছে। এই গ্যাং এলাকার সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে।
এদিকে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে নিহত মোর্শেদের পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ