২০১১ সালে চট্টগ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।
ঘটনার সময় মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন একটি মামলার সাক্ষ্য দিতে তিনি চট্টগ্রামে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম। তিনি বলেন, রোববার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামি মিজানুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী আরও সময় আবেদন করেন। আসামিপক্ষ বারবার সময়ের আবেদন করে। জামিনের আবেদন করলে আমরা আজকে এর বিরোধিতা করি। তারপর আদালত মিজানুর রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
তিনি বলেন, ঘটনার সময় মিজানুর নিজেকে এসি পরিচয় দিয়ে ফয়স লেক থেকে মেয়েটিকে তুলে নিয়ে যান। এছাড়া মেয়েটিকে ধর্ষণেরও চেষ্টা করেন। মেয়েটি পরে আত্মহত্যার উদ্যোগ নিয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ছাত্রী তার ছেলে বন্ধুকে নিয়ে ফয়স লেকে বেড়াতে যান। ওই সময় ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে চট্টগ্রামের চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিজানুর। পরে ওই ছাত্রীর বাবা চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের পরে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051