অবশেষে দীর্ঘ বিতর্কের অবসান। শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে কে পি শর্মা ওলিকে। গত সোমবার তাকে এই নির্দেশ দিয়েছেন নেপালের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে, দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী নেতা শের বাহাদুর দেউবা। মঙ্গলবার বিকেলেই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন নেপালি প্রেসিডেন্ট।
কয়েক মাস ধরে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাচ্ছিলেন কে পি শর্মা ওলি। নতুন নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বিরোধীরা তার বিরুদ্ধে আদালতে যান। সেখানে দাবি করা হয়, ওলিকে সরিয়ে দেউবাকে প্রধানমন্ত্রী ঘোষণা করতে হবে। এরপর সংসদে আস্থা ভোটে জেতার চেষ্টা করবেন এ নেতা। সোমবার সেই দাবি মেনে নিয়েছেন নেপালের সর্বোচ্চ আদালত।
গত ডিসেম্বরেই নেপাল সংসদের নিম্নকক্ষ মুলতুবি করার চেষ্টা করেছিলেন ওলি। কমিউনিস্ট পার্টি ভেঙে যাওয়ায় তিনি বুঝতে পেরেছিলেন, আস্থা ভোটে টিকতে পারবেন না। কিন্তু সেই মুহূর্তে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট, এতে সংসদ আর মুলতুবি হয়নি।
এরপর মে মাসে ২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে আস্থা ভোটে হেরে যান ওলি। নিয়ম অনুসারে, তাকে তখনই প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হতো। কিন্তু আস্থা ভোটে বিরোধীরাও সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি। ফলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হন ওলি। তখন ক্ষমতা ধরে রাখতে সংসদের নিম্নকক্ষ ভেঙে দেয়ার পরামর্শ দেন তিনি। এর পরপরই প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারির কার্যালয় থেকে তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নেপালের সংবিধানের ৭৬ (৭) ধারা প্রয়োগ করে সংসদ ভেঙে দেয়া হচ্ছে।
এ ঘটনাকে ‘মধ্যরাতের ডাকাতি’ উল্লেখ করে ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন বিরোধীরা। শুরু হয় বিতর্ক। সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমপক্ষে ৩০টি মামলা দায়ের করা হয়। সোমবার এ সংক্রান্ত রায়ে ধাক্কা খান ওলি। পাঁচ মাসে দ্বিতীয়বার ভেঙে দেয়া সংসদ পুনর্গঠনের নির্দেশ দেন নেপালের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবাকে দু’দিনের মধ্যে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেয়া হয়।
এবার প্রধানমন্ত্রী হিসেবে টিকতে হলে দেউবাকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। নাহলে নেপালের রাজনীতি আরও বড় সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
সূত্র: ডয়েচে ভেলে, হিন্দুস্তান টাইমস
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051