দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশ গ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রখর রোদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা।
শনিবার সকাল ৬টা থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন এই ঈদগাহে। ঠিক সাড়ে ৮টায় শুরু হয় নামাজ।
ইমামতি করেন মাওলানা মো. মাহফুজুর রহমান। নামাজ শেষে ফিলিস্তিনিসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ এবং ৭১ ও ২৪ এ শহীদ এবং আহতদের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বৃহৎ এই জামাতে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা।
এই জামাতে অংশ নিতে নীলফামারী জেলা থেকে এসেছেন আব্দুস সাত্তার (৬৩)।
তিনি জানান, এ নিয়ে ৮ বার এই মাঠে নামাজ আদায় করলেন তিনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
তিনি বলেন, অন্যবারের চেয়ে এবারে ব্যবস্থাপনা ভালো ছিল। এতবড় মাঠ ও এত মুসুল্লির সঙ্গে নিয়ে নামাজ আদায় করার যে অনুভূতি তা কাউকে বুঝানোর নয়।
এদিকে জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার। এ ছাড়া ছিল ওজুর ব্যবস্থা। বসানো হয় মেডিক্যাল টিম। পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051