1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এ বছরের মানবাধিকার পরিস্থিতি ছিল বর্বরতার সঙ্গে তুলনীয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ৮:০৬ pm

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে- ২০২১ সালে দেশের মানবাধিকার পরিস্থিতিকে বর্বরতার সঙ্গে তুলনা করা যায়। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতি ২০২১: আসকের পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরার সময় এমনটাই বলা হয়।

আসক মহাসচিব নূর খান বলেন, বছরটি ছিল মানবাধিকার লঙ্ঘনের সহ্যসীমা প্রায় অতিক্রম করে যাওয়ার বছর। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিষয়ে আসকের তথ্যানুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদটি তৈরি করা হয়।

নূর খানের মতে, সারাদেশ আজ ভয়ের চাদরে আবৃত। বিচারহীনতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, ধর্ষণসহ সমাজে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, যা ভীতিকর। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ নানা কারণে বছরজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষক, নারী-অধিকারকর্মী, বিরোধী দল, সমালোচক ও আইনজীবীদের জন্য পরিস্থিতি প্রতিকূলে ছিল।

আসকের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮০ জন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা গুলিবিনিময়ে নিহত হয়েছেন ৫১ জন। তাদের হেফাজতে নিহত হয়েছেন ৮ জন। এর মধ্যে গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতনে ৬ জন, গ্রেপ্তারের আগে ১ জন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। দেশের কারাগারগুলোতে এ বছর অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা গেছেন ৮১ জন। এর মধ্যে কয়েদী ২৯ জন এবং হাজতি ৫২ জন।

আসকের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও নিখোঁজের শিকার হন ৭ জন। এর মধ্যে পরবর্তী সময়ে ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এখনও পর্যন্ত নিখোঁজ আছেন ১ জন।

প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার পরিস্থিতির ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক ছিল ২০২১ সাল। বছরটিতে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ২০৪টি প্রতিমা, পূজামণ্ডপ, মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ১৮৪টি বাড়িঘর ও ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ৩ জন নিহত এবং কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন। এ ছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের ১টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভিন্নমত দমন করার লক্ষ্যে হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করে আসকের প্রতিবেদনে বলা হয়, এ বছর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ছিল কমপক্ষে ১ হাজার ১৩৪টি। এর মধ্যে বিভিন্ন থানায় ৮৮৩টি এবং সরাসরি আদালতে ২৫১টি মামলা হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দল ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের রোষানলে পড়ে ২০২১ সালে হামলা, মামলা, হয়রানিসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন ২১০ জন সাংবাদিক।

সংবিধান অনুযায়ী সভা-সমাবেশে যোগ দেওয়ার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত বলে উল্লেখ করে আসকের পর্যবেক্ষণে বলা হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ বা সরকার সমর্থক দলগুলোর নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন কর্মসূচিতে বাধাদান করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার আন্দোলন চলাকালে ২৩ নভেম্বর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে পর্যবেক্ষণে বলা হয়, সরকার বিরোধীদের কর্মসূচির অনুমতি না দেওয়ার অভিযোগও ছিল অনেক।

আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সারাদেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ১ হাজার ৩২১ জন নারী। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৪৭ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৯ জন। ২০২০ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন মোট ১ হাজার ৬২৭ জন নারী এবং ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪১৩।

শিশু অধিকারের ক্ষেত্রেও ২০২১ সালের চিত্র ছিল হতাশজনক। এ বছর মোট ৫৯৬ শিশু শারীরিক নির্যাতনের কারণে মৃত্যু, ধর্ষণের পরে হত্যা, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে নিহত হয়। গত বছর শিশু নিহতের সংখ্যা ছিল ৫৮৯। এ ছাড়াও চলতি বছর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় ১ হাজার ৪২৬ জন শিশু।

২০২১ সালে স্থানীয় পরিষদ নির্বাচন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানসহ বিভিন্ন ইস্যুতে ৯৩২টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক এসব সংঘাতে মোট ১৫৭ জন নিহত এবং প্রায় ১০ হাজার ৮৩৩ জন আহত হন।

২০২১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৬৭২টি সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭ হাজার ২০১ জন। এ ছাড়া পৌর এবং সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ৮৩টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত এবং প্রায় ৭৮৮ জন আহত হন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনা ঘটে।

২০২১ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৬ জনসহ সীমান্তে মোট ১৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আসকের প্রতিবেদন অনুসারে, এ বছর গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। বিশ্বের বিভিন্ন দেশে গণপিটুনির ক্ষেত্রে আইন থাকলেও বাংলাদেশে এ সংক্রান্ত কোনো আইন নেই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল, পরিচালক নীনা গোস্বামী ও জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল করিম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ