সাইবার হানার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়া। এতে ৪৫ লাখ যাত্রীর তথ্য ফাঁস হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারিতে এই সাইবার হানা হয়েছে বলে শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। হাতিয়ে নেওয়া তথ্যগুলোর মধ্যে রয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য। তবে যাদের তথ্য চুরি হয়েছে, তাদের মেসেজ করে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থা।
এ ঘটনায় বিমানযাত্রীদের তথ্যের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে সারা বিশ্বের লাখ লাখ বিমানযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এয়ার ইন্ডিয়ার সার্ভারগুলো হ্যাক করে যাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরির সংক্রান্ত তথ্য এয়ার ইন্ডিয়া পেয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে।
২০১১ সালের ২৬ অগাস্ট থেকে শুরু করে চলতি বছরের ৩ ফেব্রয়ারি পর্যন্ত মোট ১১ বছরের তথ্য চুরির অভিযোগ উঠেছে। তবে কোনো পাসওয়ার্ডের ডেটা প্রভাবিত হয়নি বলে জানা গেছে।
জেনিভায় অবস্থিত এয়ার ইন্ডিয়ার সার্ভিস সিস্টেম প্রোভাইডার সিটা জানিয়েছে, তারা ১৯ মার্চ তাদের ওয়েবসাইটে এই নিয়ে প্রাথমিক তথ্য দিয়েছিল।
তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ডের তথ্যের ক্ষেত্রে, সিভিভি বা সিভিসি নম্বরগুলো সংস্থার ডেটা প্রসেসরে রাখা হয় না। তাছাড়া সার্ভারের সব পাসওয়ার্ড পাল্টে ফেলা হয়েছে। এছাড়াও সার্ভারগুলো সুরক্ষিত করার পর আর কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হ্যাক হওয়া সার্ভারগুলো সুরক্ষিত করা হয়েছে। তথ্য সুরক্ষার ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়াও ক্রেডিট কার্ড জারি করা ব্যাঙ্কগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051