বরিশালের হিজলায় আওয়ামী লীগের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে হামলার এই ঘটনা ঘটে। হামলায় এমপি পঙ্কজের গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে এসব তথ্য অস্বীকার করেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ। তার দাবি, শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে তার গাড়ি বহর ঘটনাস্থলে পড়ে যায়।
এদিকে, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এমপি পঙ্কজ নাথের ওপর সরাসরি নয়, তার গাড়িবহরে হামলা হয়েছে। এতে এমপির গাড়ির গ্লাস ভেঙে গেছে। পরিস্থিতি অবনতির শঙ্কায় দলীয় কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে বিকেলে উপজেলা ডাকবাংলোতে বিশ্রাম নেন এমপি পঙ্কজ। রাত সাড়ে ৯টার দিকে নিজ নির্বাচনী এলাকার অপর উপজেলা মেহেন্দিগঞ্জে যাওয়ার জন্য গাড়িবহর নিয়ে পুরাতন হিজলা ফেরিঘাটের দিকে রওনা হন। পথে হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছে পৌঁছালে কার্যালয় থেকে একদল লোক বের হয়ে তার গাড়িবহরে ইটপাটকেল ছোঁড়ে। এতে পঙ্কজের গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর আহমেদ আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়নে দলীয় এক অনুষ্ঠানে আগামী ২১ জুনের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য দেন এমপি পঙ্কজ দেবনাথ। ওই ঘটনার জেরে হামলা হতে পারে বলে ধারণা তাদের।
দলীয় নেতাকর্মীদের বক্তব্যের সঙ্গে একমত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু। তিনি বলেন, ‘পঙ্কজ দেবনাথ এমপি নির্বাচিত হবার পর গত ৮ বছরে দলীয় সভানেত্রী এবং জেলা আওয়ামী লীগের মনোনীত দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ১০-১২ জন ইউপি চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্যে বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর নিকট পরাজিত করতে সরাসরি শেল্টার দিয়েছেন। এবারও ঠিক একই কায়দায় নৌকার প্রার্থীদের হারানোর জন্য উঠেপড়ে লেগেছে। যার কারণে দলীয় নেতাকর্মীরা ক্ষীপ্ত হয়ে তার গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’
এসব অভিযোগ অস্বীকার করে এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ‘গুজব ছড়ানো হচ্ছে। বাউশিয়া খেয়াঘাট নিয়ে ওখানকার শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল। তাদের মধ্যে সংঘর্ষ চলার সময় আমার গাড়িবহর এর মধ্যে পড়ে।’
এদিকে, এমপি পঙ্কজ দেবনাথের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় এক শ্রমিক নেতা। এ বিষয়ে ওসি অসীম কুমার বলেন, ‘লিখিত অভিযোগ নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051