ভারতের নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের (এনডিটিভি) প্রেসিডেন্ট সুপর্না সিংসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) এনডিটিভির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ সম্প্রচার মাধ্যমটির প্রায় ৬৫ শতাংশ মালিকানা নিয়ন্ত্রণে নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এমন ঘটনা ঘটলো।
শুক্রবার ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগের কথা জানিয়ে এনডিটিভি বলে, এখন নতুন কৌশল ও লক্ষ্য নির্ধারণে নতুন নেতৃত্ব নিয়ে আসতে যাচ্ছে কোম্পানি।
জানা যায়, আদানি গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরপরই সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে ভয়ে এনডিটিভির সাবেক নির্বাহী সম্পাদক রভিশ কুমারের নেতৃত্বে অনেক সাংবাদিকই প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দেন।
গত বছরের ডিসেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের পদত্যাগের পর এনডিটিভির কৌশলবিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্য বিষয়ক প্রধান নির্বাহী কাওয়ালজিৎ সিংও দায়িত্ব ছেড়ে দেন।
পদত্যাগের আগে প্রণয় ও রাধিকা তাদের মালিকানার বেশিরভাই আদানি গ্রুপের কাছে বিক্রি করে দেন। এর মাধ্যমে মাত্র চার মাসের চেষ্টাতেই এনডিটিভির নিয়ন্ত্রণ চলে যায় ধনকুবের গৌতম আদানির কাছে।
এ সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে এনডিটিভি ওই শেয়ার হস্তান্তর ঠেকাতে বেশ কয়েকবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।
সূত্র: রয়টার্স
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051