ভিন্নবার্তা প্রতিবেদক: এডিস নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এতে ২২ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ, শাজাহানপুর, কদমতলা, কে এম দাস লেন, অভয় দাস লেন, মাতুয়াইল ও শ্যামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অঞ্চল-১ এর আনিক মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনি ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের একটি ও বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান সুবাস্তুর একটি নির্মাণাধীন ভবনসহ মোট ৪টি ভবনে মশার লার্ভা পাওয়ায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো'র তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ইরফান উদ্দিন আহমেদ অঞ্চল-২ এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১১ নং ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় ৫০টি ভবন পরিদর্শন করেন। এ সময় ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলা দায়ের ও ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ কদমতলা ওয়াসা রোড, মদিনাবাগ, উত্তর মুগদা এলাকায় ২৮টি বাড়ি পরিদর্শন করেন এবং দুটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় লকডাউনের মধ্যে একটি জুতার দোকান খোলা রাখায় সেখানেও অভিযান চালিয়ে ১টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর হাজারীবাগ ও জিগাতলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ১০টি স্থাপনা পরিদর্শন করেন এবং হাজারীবাগ ও জিগাতলা এলাকায় দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল ৫ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ৩৯নং ওয়ার্ডের অভয় দাস লেন ও কে এম দাস লেন এলাকায় ৩০টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় দুটি ভবন ও দুটি দোকানে লার্ভা পাওয়ায় মোট ৫০০০টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল-৯ এর আনিক মো. খায়রুল হাসান মাতুয়াইল এলাকায় ৩০টি নির্মাণাধীন ভবন ও কারখানা পরিদর্শন করেন। এ সময় একটি বাড়ির সামনে রাস্তায় বর্জ্য ফেলে যান চলাচল ও লোকজনের চলাফেরায় বাধা সৃষ্টি করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051