বিগত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন সাকিব আল হাসান।
রোববার (২৭ ডিসেম্বর) গত এক দশকের ওয়ানডে একাদশ ঘোষণা করে। এই দলে ভারতের সবচেয়ে বেশি ৩ জন জায়গা পেয়েছেন, দুই জন করে আছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আছেন ১ জন করে।
১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল।
দশক সেরা একাদশে সাকিবের জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। কারণ এই সময়ে তিনি ১০৪টি ওয়ানডে খেলে৪০.৫৬ গড়ে ৪ সেঞ্চুরিতে রান করেছেন তিন হাজার ৪৮৯। বাঁহাতি স্পিনে ৩১.৬১ গড়ে উইকেট নিয়েছেন ১৩১টি। ইংল্যান্ডে হওয়া সবশেষ বিশ্বকাপে তিনি ছিলেন অনবদ্য ও সেরা ফর্মে। গত ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেন তিনি। বল হাতে উইকেট ১১টি। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নজির এটাই। এমনকি এক আসরে ১০ উইকেটের পাশে ৪০০ রানের অনন্য কীর্তিও গড়েন তিনি, যা আগে আর ছিল না কারও।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলে ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। তিনে ব্যাটিং করবেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক ও গত এক দশকে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। চারে সাবেক প্রোটিয়া অধিনায়ক ও ওয়ানদের দ্রুততম সেঞ্চুরির মালিক এবি ডি ভিলিয়ার্স। পাঁচে ব্যাটিং করবেন সাকিব। ছয়ে ধোনি। সাতে অর্থাৎ দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার বেন স্টোকস।
ওয়ানডে দলে অলরাউন্ডার হিসেবে সাকিব আর স্টোকস আছেন। এর মধ্যে সাকিব স্পিন এবং স্টোকস পেস বোলার হিসেবে দারুণ কার্যকর। সাকিব ছাড়াও দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন সাবেক প্রোটিয়া বোলার ইমরান তাহির। এছাড়া দলে আছেন তিন ফাস্ট বোলার। এই তিনজন হলেন- মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং লাসিথ মালিঙ্গা।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051