
নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই জাহাজ কর্মচারীর ছুরিকাঘাতে আরেক কর্মচারী নিহত হয়েছেন।
শুক্রবার বন্দরের মাহমুদনগর এলাকায় খুনের এ ঘটনাটি ঘটে। একটি নোঙর করা জাহাজে খাবার খাওয়াকে কেন্দ্র করে জাহাজের কর্মচারী সবুজের (২৬) এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপর কর্মচারী টিটন সরকার (৩৫)।
নিহত টিটন সরকার নড়াইলের লোহাগড়ার ইটনা এলাকার আবদুস সাত্তারের ছেলে। সবুজ গোপালগঞ্জ সদর থানার বড়পা গ্রামের দিলীপের ছেলে। এ ঘটনায় পুলিশ সবুজের চাচাতো ভাই নাহিদকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার চট্টগ্রাম থেকে এমভি নিউটেক -৪ নামে একটি ক্লিংকারবাহী জাহাজ নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদনগর এলাকার ইএনসি সিমেন্টের ঘাটে নোঙর করে।
সবুজসহ জাহাজের সব স্টাফ দুপুরের খাওয়া খায়। বিকাল ৪টার দিকে সবুজ বাবুর্চির কাছে আবারও খাবার চায়। খাবার না দেয়ায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি এবং মারামারি হয়। এক পর্যায়ে সবুজ ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে জাহাজের কর্মচারী টিটন সরকার ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ছুরিকাঘাতে আহত হন জাহাজের মাস্টার তাজুল ইসলাম ও বাবুর্চি মোশারফ হোসেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুইয়া জানান, খাবার নিয়ে জাহাজের স্টাফদের মধ্যে ঝগড়া হয়। এ সময় এক স্টাফ ছুরি নিয়ে হামলা করে। এতে জাহাজের ৩ জন স্টাফ আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে টিটন সরকার নামে একজন মারা যান। এ ঘটনাটি নৌপুলিশ দেখবে বলে তিনি জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ