ভিন্নবার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে ছাত্রলীগ নেতা, জয়পুরহাটের ক্ষেতলালে ২, চট্টগ্রাম বন্দরে ১ ও মানিকগঞ্জে ১ মোটরসাইকেল আরোহী, নাটোরের সিংড়ায় ২ মাদ্রাসাশিক্ষক, টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেলচালক, পাবনার সুজানগরে গৃহবধূসহ ২ জন, জামালপুরে বিক্রয় কর্মকর্তা, গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশাচালক এবং বরিশালের হিজলায় শিশু নিহত হয়েছে।
সিংড়া (নাটোর) : সিংড়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ মাদ্রাসা শিক্ষক। নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রিজের কাছে শনিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা খলিলুর রহমান (৩৫) ও সহকারী শিক্ষক বেলাল হোসেন (৩৬)।
নোয়াখালী : ঢাকা-কুমিল্লা মহাসড়কের চৌদ্দগ্রামে শনিবার দুপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের এজিএস ফিরোজ আলম বাবু (৩৬)। তিনি সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের মনু খালাসী বাড়ির মৃত রেজু মিয়ার ছেলে।
ক্ষেতলাল (জয়পুরহাট) : ক্ষেতলালে বটতলী বাজারের কাছে নর্দান মোড়ে ট্রাক্টরের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপচাঁচিয়া পৌর এলাকার আজিজার রহমানের ছেলে মাহমুদুর হাসান লেমন (৩৫) এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ রায়হান রিফাত (২৫) শনিবার মোটরসাইকেলে জয়পুরহাট পশুরহাটে ছাগল কিনতে আসেন। পথে নর্দান মোড়ে দুর্ঘটনার শিকার হন তারা।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন দেলু (১৮) মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের শনিবার এ দুর্ঘটনা ঘটে।
সুজানগর (পাবনা) : সুজানগরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে গৃহবধূসহ ২ জন নিহত হয়েছেন। সুজানগর-চিনাখড়া সড়কের কাঁঠালবাড়িয়ায় শনিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের মো. শামীম হোসেনের স্ত্রী মোছা. যুথী খাতুন (২২) ও বেড়া উপজেলার জাতসাকিনিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মো. রুম আলীর ছেলে মো. রতন হোসেন (৩৮)।
চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের কন্টিনেন্টাল ইয়ার্ডে লরির ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী মাসুদ রানা (৩১) কুষ্টিয়ার বেড়ামারা থানার ইসলামপুরের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি নগরীর পাহাড়তলী থানার চাঁনমিয়া রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। বন্দরের ৮নং কন্টিনেন্টাল ইয়ার্ডে শনিবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর : জামালপুর-টাঙ্গাইল সড়কে শনিবার পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (২৮) স্থানীয় তিতপল্লা ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মকর্তা।
বরিশাল : হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের মান্দ্র বাজার এলাকায় শনিবার সকালে ট্রলির ধাক্কায় নিহত শিশুটির নাম ইব্রাহিম (৭)। সে ওই এলাকার মাইদুল চৌকিদারের ছেলে।
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নিহত মোটরসাইকেল আরোহী সবুজ (২৩) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুপুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। মানিকগঞ্জের অদূরে দিঘী এলাকায় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ১ জন আহত হয়েছেন।
গাজীপুর : কালিয়াকৈরে ট্রাকচাপায় নিহত অটোরিকশাচালক মান্নান খান (৩২) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের বাসেদ খানের ছেলে। কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051