বরগুনার বামনা উপজেলায় শত শত মানুষের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) চড় মারার ঘটনায় বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাকে বামনা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম।
তিনি বলেন, এএসআইকে চড় মারার ঘটনা তদন্ত করে আমরা সত্যতা পেয়েছি। তাই তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করি। এরই প্রেক্ষিতে ওসি ইলিয়াছ আলী তালুকদারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগী ওই এএসআইকেও বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে গত শনিবার (৮ আগস্ট) বামনায় আয়োজিত মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ। এ সময় কর্তব্যরত ওই এএসআইকে প্রকাশ্যে চড় মারেন বামনা থানার ওসি ইলিয়াস হোসেন।
চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসি ইলিয়াস হোসেনের সমালোচনা করেন অসংখ্য মানুষ। এতে ভাবমূর্তি নষ্ট হয় পুলিশের। ওসি ইলিয়াস হোসেন শত শত মানুষের সামনে যে এএসআইকে চড় মারেন তিনিও বামনা থানায় কর্মরত ছিলেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051