তালহা তাওহীদ: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের মানুষ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে চলন্ত ট্রাকের পিছনে কীভাবে দৌড়াচ্ছে। ওই ভিডিও নিয়ে নাগরিকরা নানা নেতিবাচক মন্তব্য করেছেন। রাজধানীসহ সারা দেশে দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। যার কারণে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এই দৌড়ের ওপর রয়েছেন। বাজারে সব পণ্যের মূল্যই বেশি। সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাণিজ্যমন্ত্রী নিজেই অসহায়ত্ব প্রকাশ করেছেন। অতিষ্ঠ হয়ে মন্ত্রী বলেছেন, সরকারের করার কিছু নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দেশ চালাচ্ছে কে? কৃষিপণ্য উৎপাদক যে মূল্যে পণ্য বিক্রি করছেন, রাজধানীতে ভোক্তা তা কিনছেন চারগুণ বেশি দামে। পথে পথে হাতবদল আর চাঁদাবাজির কারণে মাশুল দিতে হচ্ছে ভোক্তাদের। কিন্তু বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব যার, তিনি যদি হাত-পা গুটিয়ে বসে থাকেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।
সঙ্কট নেই, তবু বাড়তি চালের মূল্য
আমন মৌসুম শেষে বাজারে নতুন চাল আসায় দাম কমার কথা। কিন্তু কমেনি। মিলপর্যায় থেকে শুরু করে পাইকারি আড়ত ও খুচরা বাজারে চালের মজুদ পর্যাপ্ত। থরে-থরে সাজিয়ে রাখা হয়েছে বস্তা। তবুও কয়েক মাস ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের চালের দাম। সর্বশেষ এক মাসের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে ৩-৫ টাকা বেড়ে ৫০-৫২ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো খুচরা বিক্রেতা আরও বাড়িয়ে ৫৫ টাকা পর্যন্ত নিচ্ছেন। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। যারা শুধু ডাল-ভাত খেয়ে জীবন পার করছেন, তারা খুবই কষ্টে রয়েছেন। মিল, গুদাম এবং আড়তদারদের স্টকে চালের কোনো সঙ্কট নেই। উৎপাদন ও মজুদে কোনো ধরনের ঘাটতি নেই। তবু বেড়েই চলছে চালের বাজার। আর এই বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব যার, তিনি যখন বলেন তার করার কিছু নেই, তখন অসাধু ব্যবসায়ীরা আরও খুশি। তারা যে যার মতো মূল্য নির্ধারণ করে তা ভোক্তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন।
সব নিত্যপণ্যের দাম অসহনীয়
একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত এক ভোক্তা গত ২১ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর একটি বাজারে যান সবজি কিনতে। দেশের সবকিছুর দামই তার চিন্তার বাইরে। পরিবারের সদস্যদের করলা পছন্দ, তাই তিনি অন্য কিছু না কিনলেও করলা কিনবেন বলে বাসা থেকেই সিদ্ধান্ত নিয়ে গেছেন। কিন্তু বাজারের পরিস্থিতি দেখে তিনি তা না কিনেই ঘরে ফিরেছেন। কারণ ভালোমানের এক কেজি করলার দাম ১২০ টাকা, আর নিম্নমানের এক কেজি করলার দাম ৮০ টাকা। এত টাকা দিয়ে তিনি করলা কেনার সাহস করেননি। ফলে পরিবারের পছন্দের সবজি তার কেনা হলো না। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, মুরগি ও গরুর গোশত এবং ডিমের দাম বেড়েছে। ফলে এসব পণ্য কিনতে সব শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠছে। খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৬৫ টাকা, যা সাত দিন আগে ১৫৩ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১৬৮ টাকা, যা সাত দিন আগে ছিল ১৬৫ টাকা। এছাড়া খোলা পাম অয়েল বিক্রি হয়েছে ১৪৫ টাকা, যা আগে ছিল ১৪০ টাকা। প্রতি লিটার পাম অয়েল সুপার বিক্রি হয়েছে ১৫০ টাকা, যা সাত দিন আগে ছিল ১৪২ টাকা। তাছাড়া বাজারের খবর নিয়ে জানা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা, যা সপ্তাহ আগে ছিল ৩৫ টাকা। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ টাকায়। প্রতি কেজি চিনি সপ্তাহের ব্যবধানে ২ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছতে দাম বাড়ে চারগুণ
আলু উৎপাদনকারী কৃষক কেজিপ্রতি মূল্য পান ৫ টাকা। ঢাকার খুচরা ক্রেতা তা কিনছেন ২০ টাকায়। উৎপাদন এলাকা থেকে ভোক্তার হাতে পৌঁছতে বেড়ে যায় চারগুণ। নাটোরের এক ব্যবসায়ী জানিয়েছেন, কৃষকের কাছ থেকে শিম কিনে ঢাকায় আনতে প্রতি কেজিতে ১২ টাকা খরচ হয়। এর সঙ্গে আরও ৩ টাকা যোগ করে তারা আড়তে বিক্রি করেন। পরবর্তীতে পাইকাররা কেজিপ্রতি ৬-৭ টাকা বাড়িয়ে তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। ভোক্তার কাছে পৌঁছতে এর সঙ্গে আরও ৫ থেকে ৭ টাকা যুক্ত হয়। অর্থাৎ কৃষক যে দামে শিম বিক্রি করলেন তার চাইতে অন্তত ৩০ টাকা বেশি দিয়ে কিনছেন ভোক্তা। ঢাকার খুচরা বাজারে এখন শিমের দাম মানভেদে ৫০ থেকে ৬০ টাকা। বেপারিদের দাবি, কৃষকরা যে দরে কাঁচামাল (সবজি) বিক্রি করেন, ভোক্তাদের তা কিনতে ৩ থেকে ৪ গুণ বেশি অর্থ খরচ করতে হয়। তবে এর খুব সামান্য অংশ তারা লাভ হিসেবে পান। অতিরিক্ত পণ্য পরিবহন খরচ, ঘাটে ঘাটে চাঁদাবাজি, অব্যবস্থাপনা ও সর্বোপরি হাতবদলের সংখ্যা বেশি হওয়ায় কাঁচামালের বাজার অস্থির থাকছে। বগুড়া থেকে কাঁচামরিচ কিনে কারওয়ান বাজারে বিক্রি করা এক বেপারি জানান, তিনি ৫ টনের একটি ট্রাকে ২০২ বস্তা কাঁচামরিচ নিয়ে আসেন। প্রতি বস্তায় ৬৫ কেজি করে মোট ১৩ হাজার কেজি কাঁচামরিচ ছিল। ক্রয়কৃত কাঁচা মরিচ ঢাকায় পাঠানোর ট্রাকে পৌঁছতে প্রতি মণে লেবার খরচ, ভ্যান ভাড়া ও স্থানীয় খাজনায় মোট ২০ টাকা খরচ হয়। এছাড়া প্রতিটি বস্তা কিনতে ১৮ টাকা দিতে হয়েছে। কারওয়ান বাজারে পৌঁছনোর পর বস্তাপ্রতি লেবার খরচ ২০ এবং ভ্যান ভাড়া ৩০ টাকা। আড়তের খাজনা এক টাকা। অর্থাৎ প্রতি কেজি কাঁচামরিচে ওই বেপারির মোট খরচ ৪৫ টাকা।
পথে যেভাবে চাঁদাবাজি হয়
ধরুন বগুড়ার মহাস্থানহাট থেকে কারওয়ান বাজার পর্যন্ত পণ্য আসবে। প্রতিটি পণ্যবাহী ট্রাককে যেসব ঘাটে চাঁদা দিতে হয়, তা জানলে যে কেউই আঁতকে উঠবে। বগুড়া পৌরসভার ৫০ টাকা টোল দিয়ে যাত্রা শুরু করতে হয়। এরপর শেরপুর ৫০ টাকা, সিরাজগঞ্জ ট্রাক মালিক-শ্রমিক সমিতিতে ৫০, সিরাজগঞ্জ শহরে গাড়ি ঢুকলে ৫০, সিরাজগঞ্জ মোড় হাইওয়ে পুলিশ খরচ (মাসিক) ৫০০, যমুনা সেতু গোলচত্বর হাইওয়ে পুলিশ খরচ (মাসিক) ৫০০, টাঙ্গাইল মোড় হাইওয়ে পুলিশ খরচ (মাসিক) ৫০০, আমিনবাজার, সাভার (লাঠিয়াল বাহিনী) প্রতি ট্রিপ এক থেকে ২শ’ টাকা, কারওয়ান বাজার পার্কিংয়ে ৫০০ টাকা চাঁদা দিতে হয়। এছাড়া প্রতি ট্রিপে যমুনা সেতুর টোল ১ হাজার ৪০০ টাকা রয়েছে। এর বাইরে বগুড়ার মহাস্থান হাট থেকে ঢাকায় আসায় প্রতিটি ৫ টনের ট্রাকের প্রতি ট্রিপে ডিজেলে সাড়ে ছয় হাজার টাকা, চালক-হেলপারের বেতন দুই হাজার টাকা এবং রোডে দুই হাজার টাকা খরচ হয়। যদিও ৫ টনের ট্রাকে সাধারণত ১২ থেকে ১৩ টন সবজি পরিবহন করা হচ্ছে। এসব তথ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেমন জানেন, তেমনি গোয়েন্দা সংস্থার কাছেও এমন তথ্য রয়েছে।
লালফিতার দৌরাত্ম্যে মন্ত্রীই যখন কাবু!
গত ১৯ ফেব্রুয়ারি রংপুরের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই সময় তিনি বলেছেন, লালফিতার দৌরাত্ম্য বড় বেশি। আমি নিজেও কিছুটা কাবু হয়ে গেছি। আমি নিজেও খুব হ্যাপি না। কারণ সারাটা জীবন কাজ করে বেড়িয়েছি। সরকারের এই চেয়ারে (মন্ত্রিত্ব) বসে মনে হয়, এটা কবে বদলাবে? তবে চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি। মন্ত্রী ঠিক কোন প্রসঙ্গে লালফিতার দৌরাত্মের কথা বলেছেন, তা সুনির্দিষ্ট করেননি। তবে সব ক্ষেত্রেই এই লালফিতার দৌরাত্ম্য কাজ করছে, তা যে কেউই নিশ্চিত করবেন। দেশে মন্ত্রীর চেয়ারে বসে যখন আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয়, তখন সাধারণ জনগণের অবস্থা কোন পর্যায়ে রয়েছে, তা সহজেই আন্দাজ করা সম্ভব। বাজার অনিয়ন্ত্রিত হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণের মধ্যে সংশ্লিষ্ট অভিজ্ঞরা বলছেন, সরকারের নির্দেশনা ব্যবসায়ীরা মানছেন না। সরকার কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে দিলে ব্যবসায়ীরা তা না মেনে নিজেদের মতো করে দাম নির্ধারণ করে বাজারে বিক্রি করছেন। আর অনেক আমলা (বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন) কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নেন। ফলে তারা সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে পারেন না।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ
দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্ত্রীকে তুলোধুনো করেছেন। ব্যর্থতার জন্য পদ ছেড়ে সাধারণের কাতারে দাঁড়াতে বলেছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও তার বক্তৃতায় তীব্র সমালোচনা করেছেন। রিজভী বলেন, বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা যায় যে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। গত ১৮ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে তেল, চিনি ও ডালের মূল্য বাড়ানো হয়েছে। তাই মূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই। মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আপনাদের কিছুই করার নেই, তাহলে দেশ চালায় কে? কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি মন্ত্রীর এই বক্তব্য নিষ্ঠুর রসিকতা। এ সময় বিএনপির আমলে দ্রব্যমূল্যের দাম তুলে ধরে তিনি বলেন, বিএনপি আমলে মোটা চালের দাম ছিল ১৬ থেকে ১৭ টাকা, যা বর্তমানে ৫৫ থেকে ৬০ টাকা। চিকন চালের দাম ছিল ২২ থেকে ২৪ টাকা, যা বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা। সয়াবিন তেলের দাম ছিল লিটারপ্রতি ৪৪ থেকে ৪৮ টাকা, বর্তমানে ১৭০ থেকে ১৭৫ টাকা। মসুর ডালের দাম ছিল প্রতি কেজি ৪৫ টাকা, যা বর্তমানে ১৩০ টাকা। এছাড়া গরুর গোশতের দাম ছিল কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা, যা বর্তমানে ৬৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ৫৫ টাকা, এখন ১৭৫ টাকা। পেঁয়াজের দাম ছিল কেজি ৮ থেকে ১০ টাকা, যা বর্তমানে ৫৫ টাকা, কয়েকদিন আগে ছিল ১৩০ টাকা।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গণমাধ্যমকে বলেন, ‘একমাত্র লুটপাটকারী কিছু লোক ছাড়া সমাজের সর্বস্তরের মানুষ খারাপ অবস্থায় আছে। তাদের যে আয় তা দিয়ে সংসার কোনোভাবেই চলছে না। এ পরিস্থিতি কোনোভাবেই চলতে পারে না। সরকারকে রেশনিং প্রথা আবার চালু করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যদি সরকার কমাতে না পারে, তাহলে বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সরকারি ব্যবস্থা রাখতে হবে। এছাড়া মানুষ বাঁচবে না।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051