পাবনার ভাঙ্গুড়ায় রেলস্টেশনে কংক্রিট স্লিপার উত্তোলনকারী ক্রেন উল্টে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার দুপুর ২টার দিকে ক্রেনটি উল্টে যাওয়ার পর তা উদ্ধারে পাকশী থেকে রওনা হওয়া উদ্ধারকারী ট্রেনও ঈশ্বরদী স্টেশন পার হয়ে লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ট্রেন চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গুড়া বাজার রেলস্টেশনে বেশ কিছুদিন ধরে লাইনের সংস্কার কাজ চলছে। লাইনের পুরোনো ও ক্ষতিগ্রস্ত কংক্রিট স্লিপার সরিয়ে নতুন স্লিপার বসানোর কাজ চলছিল। কয়েক দিনের বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যায় যার কারণে ভারী ক্রেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা প্রকৌশলীর অদূরদর্শিতায় উল্টে গিয়ে মূল রেললাইনের ওপর আছড়ে পড়ে। এতে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, রেললাইন সংস্কারের সময় বৃষ্টির কারণে মাটি নরম
ছিল। মাটি নরম থাকার ফলে ক্রেনের পায়া মাটিতে দেবে লাইনের ওপর উল্টে পড়ে। প্রধান লাইনে ক্রেনটি পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায়।
তিনি জানান, ঢাকাগামী তিনটিসহ ঢাকা থেকে আসা রাজশাহীগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন আগের স্টেশনে আটকা পড়েছে। পাকশী থেকে রওনা হওয়া রিলিফ ট্রেনটি পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়া ক্রেনটি তুললে রেললাইন সচল হবে।
এ দিকে দুর্ঘটনাকবলিত ক্রেন উদ্ধারে ঈশ্বরদী থেকে আরেকটি ট্রেন রওনা হলে স্টেশন পার হয়ে কিছুটা পথ এসেই লাইনচ্যুত হয়। এতে দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
পাকশী বিভাগীয় রেলের যান্ত্রিক প্রকৌশলী আশীষ কুমার মন্ডল জানান, প্রথমে ঈশ্বরদীতে লাইনচ্যুত হওয়া উদ্ধারকারী ট্রেনটিকে লাইনে তুলতে হবে। এরপর ওই ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ক্রেন সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051