উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদ প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড) উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।
জানা গেছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি বর্তমানে দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড)। অন্যদিকে উপজেলা পর্যায়ের অন্যান্য দফতরের বেশিরভাগের প্রধান পদ প্রথম শ্রেণিভুক্ত।
এদিকে সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একই কর্মস্থলে পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের বদলি শুরু করেছে যুব অধিদপ্তর। ইতোমধ্যে ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এছাড়া অন্যদেরও বদলি চলমান রয়েছে বলে অবহিত করা হয়।
বৈঠকে প্রথম প্রকল্পে অনুমোদিত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করতে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে সুষ্ঠভাবে সম্পন্ন করার কমিটি সুপারিশ করে।
জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলা গতিশীল করার জন্য মেয়াদোত্তীর্ণ প্রকল্পগুলো আবার চালু এবং দেশের অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেয়ার সুপারিশ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051