
দেশের উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর) কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনেরা। তারা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষি থেকে শুরু করে শিল্প ও রপ্তানিমুখী খাতসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অন্তর্ভুক্তিতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর)’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
আসন্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস সামনে রেখে কর্মশালাটির আয়োজন করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)। এতে সহযোগিতা করে দাতা সংস্থা লিলিয়ান ফন্ডস।
কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবার, সমাজ, সরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা কৃষি খাত থেকে শুরু করে রপ্তানিমুখী শিল্পসহ সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নে সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উন্নয়নকর্মীরা বাংলাদেশে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন এবং উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় সিরডাপের সদস্যভুক্ত দেশগুলোতে সিবিআর পদ্ধতির বাস্তবায়ন জোরদার করতে সিডিডির কর্মকর্তারা ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। এতে সভাপতিত্ব করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাইকার স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আকিরা মুনাকাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যুগ্ম পরিচালক ফারুক জোয়ারদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও প্রতিবন্ধী ব্যক্তিরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051