
উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২৩ এপ্রিল) উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
একইদিন উজবেকিস্তানে নিযুক্ত চেক প্রজাতন্ত্র, মিশর, জর্ডান, তুর্কি, ইউরোপিয়ান ইউনিয়ন ও রাশিয়ান রাষ্ট্রদূতরাও তাদের পরিচয়পত্র পেশ করেন।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত শুভেচ্ছা জানান। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, পাট, পাটজাত পণ্য, এবং লেদার সেক্টরে অভাবনীয় সাফল্যের কথা উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।
রাষ্ট্রদূত পর্যটন, শিক্ষা,ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দু’টি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা-তাসখন্দ-ঢাকা সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন।
আগামী ২৭ মে অনুষ্ঠেয় দু’দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ফরেন অফিস কনসালটেশন সভা ফলপ্রসূ করতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।
এ প্রসঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সেখানে উপস্থিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভকে ঢাকায় প্রাথমিকভাবে উজবেকিস্তানের একটি কনস্যুলেট খোলার জন্য এবং উভয় দেশের মধ্যে প্রথম এফ ও সি মিটিং ফলপ্রসূ করতে যথাযথ ব্যবস্থা নির্দেশনা দেন। সরাসরি বিমান চলাচলের বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাষ্ট্রপতি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ