ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ব্যবসায়ী ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ঈদুল ফিতরের সময় বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনে ডিএমপির মানি এসকর্ট সেবা নেওয়া যাবে।’
আজ বুধবার ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় কমিশনার এ আহ্বান জানান।
সভায় উপস্থিত পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘একইসঙ্গে ঈদের সময় ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টি প্রতিরোধে বিশেষ টিম গঠন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ, এ সময় চুরি-ছিনতাই বেড়ে যায়।’
ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিকপক্ষ ও নাগরিকদের সচেতন থাকার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
কমিশনার আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্কেট ও শপিংমলে আগত সবাইকে অবশ্যই মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ সেইসঙ্গে মাস্ক পরার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেও সবাইকে আহ্বান জানান তিনি।
সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণিবিতান, শপিংমলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিভিন্ন দিক-নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051