আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সাত দিনের মধ্যে ছয় দিন মেট্রোরেলের ট্রিপ সংখ্যা কমিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ সময় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে দিনে আনুমানিক ১৪০টি ট্রিপ চলবে। সাধারণ সময়ে ২৮০ থেকে ৩০০ ট্রিপ চালানো হয়। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)–এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় ছাড়বে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
ঈদের ছুটির দিনগুলোতে ট্রেন চলাচলের ব্যবধান বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। এ সময় সাতটি ট্রেনসেট পরিচালিত হবে। যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পরপর চলবে। সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর এবং সকাল ১০টা ২৬ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর রাত ৯টা ১ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট পরপর ট্রেন চলবে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর চলবে। বেলা ১১টা ৪ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর ট্রেন চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সঙ্গে এমআরটি ও র্যাপিড পাসে টাকা রিচার্জ করা যাবে।
শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সঙ্গে র্যাপিড পাস কেনা এবং এমআরটি ও র্যাপিড পাসে টাকা রিচার্জ করা যাবে।
রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব স্টেশন থেকেই র্যাপিড পাস কেনা যাবে।
শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051