নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বুধবার এ রিট আবেদন দায়ের করেন। আবেদনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। যদিও ২০১৭ সালের জানুয়ারিতে এ বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
ওই রিটের শুনানি নিয়ে একই সালের ৩০ জানুয়ারি রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছেন। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিব ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রুল নিষ্পত্তি হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে বুধবার ইউনুছ আলী আকন্দ বলেন, ঠিক মনে করতে পারছি না।
তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থাকা তথ্য মতে ওই রুল এখনো শুনানি হয়নি।
আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, আজকে একটি রিট আবেদন দায়ের করেছি। সংবিধান অনুযায়ী আইন করতে হবে। আইন অনুসারে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও এটা পালন করা হয়নি। কমিশন গঠনে কোনো আইন করা হয়নি। আমাদের দল আইনের একটা খসড়া করে আইন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন বরাবরে পাঠিয়েছে। এর আলোকে আইন করার জন্য। কিন্তু চিঠির প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিট করেছি। আমরা চেয়েছি আগামী নির্বাচনের আগে সরকার যেন এ আইন প্রণয়ন করে ।
নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘(১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন’।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051