
সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। গতকাল সুমন খানের বিধ্বংসী বোলিং এবং তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে চতুর্থ ওয়ানডে ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের দলটি। মিরপুেেরর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল।
আন-অফিসিয়াল চতুর্থ ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড ‘এ’ দল। সুমন খানের গতির তোপে ১৮২ রানে অলআউট হয় আয়ারল্যান্ডের দলটি। জবাবে ২ উইকেট হারিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল (১৮৬/২)। দলীয় ১০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। তবে তৌহিদ হৃদয় ও মাহমুদুলের ব্যাট জ্বলে ওঠায় আর উইকেট হারাতে হয়নি তাদের। তৃতীয় উইকেটে ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন হৃদয়-মাহমুদুল। সেঞ্চুরির পথ ধরে হাঁটলেও শেষ পর্যন্ত আশা পূরণ হয়নি দুজনের। কেননা এর আগেই দল জয়ের বন্দরে পৌঁছে যায়। ১৩৫ বল খেলে ৮টি চারের সাহায্যে অপরাজিত ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন মাহমুদুল। হৃদয়ের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৮ রানের ইনিংস। ৯৭ বল খেলে ৯টি চারের সাহায্যে এ ইনিংসটি খেলেন তিনি। ম্যাচসেরার পুরস্কার পান ডানহাতি পেসার সুমন খান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ