সিরাজগঞ্জের বেলকুচিতে তারাবির নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবুল হোসেন (৪২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার তেয়াশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল হোসেন। তিনি তেয়াশিয়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে।
আহতদের মধ্যে মুছা প্রামানিক (৫০), বাবু মুন্সী (৩২), সিয়াম (১৪), ইয়াকুব (৩২), সাবানা বেগমকে (৪৫) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাতিজা মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, তেয়াশিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক গ্রুপের সঙ্গে একই গ্রামের মুছা প্রামানিক গ্রুপের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজ শেষে তারাবি নামাজ পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে মালেক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। দফায় দফায় হামলায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বাবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা গেছেন।
নিহতের শ্যালক রইচ উদ্দিন বলেন, বাবুল হোসেন একজন কৃষি দিনমজুর। তিনি সংঘর্ষের বিষয়ে জানতেন না। কামলা দিয়ে এসে মসজিদের পাশে দাঁড়িয়েছিলেন। এ অবস্থায় তার ওপর উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন মারাও গেছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051