ডেনমার্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন জামাল ভূঁইয়া। যিনি এখন জাতীয় দলের অধিনায়ক তথা বাংলাদেশের ফুটবলের 'পোস্টার বয়'। একইরকম স্বপ্ন নিয়ে সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন তারিক রায়হান কাজী। গত ২৭ অক্টোবর যোগ দেন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। তবে দুঃখের বিষয় হলো, আপাতত জাতীয় দলে খেলা হচ্ছে না এই বসুন্ধরা কিংস ডিফেন্ডারের। তাকে ছিটকে দিয়েছে ইনজুরি।
গত বুধবার অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান তারিক। এরপর তার পুরনো ব্যথা শুরু হওয়ায় আর অনুশীলনে অংশ নেননি। এক ভিডিও বার্তায় ২০ বছর বয়সী তারিক বলেছেন, 'দুঃখজনকভাবে আমাকে এখন জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হচ্ছে। আমি আমার ক্লাব বসুন্ধরা কিংসের ক্যাম্পে ফিরে যাচ্ছি। ধন্যবাদ জানাই জাতীয় দলের কোচ, সকল কোচিং স্টাফ, খেলোয়াড়সহ সবাইকে। জাতীয় দলের ক্যাম্পে আমার দারুণ সময় কেটেছে। আপাতত আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। তবে শিগগিরই দেখা হবে।'
নেপালের বিপক্ষে ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় দুটি ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচে তাকে দেখা যাবে না। চোটমুক্ত হয়ে তিনি খেলবেন বসুন্ধরা কিংসে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি চারটি ম্যাচ আগামী বছর হওয়ার কথা। ভারত, আফগানিস্তান ও ওমানের সঙ্গে দেশের মাটিতে খেলা। কাতারের সঙ্গে ম্যাচটি হবে দোহায়। ম্যাচগুলোর ক্যাম্পে আবার দেখা যেতে পারে তারিককে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051