বিএনপি- জামায়াতের শাসনামলে ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৩ আগস্ট) দলের মহিলা ও শিশুবিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত 'জাতির পিতার হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র' শীর্ষক জাতীয় শোক দিবসের ভার্চুয়াল আলোচনাসভায় এ অভিযোগ করেন তিনি।
'সরকার জনবিচ্ছিন্ন'- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন এবং জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। বিএনপি এই বাস্তবতা বোঝারও সক্ষমতা হারিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সঙ্গে আওয়ামী লীগ নিবিড়ভাবে সম্পৃক্ত। পক্ষান্তরে বিএনপি ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতি ও লুটপাটে বিশ্বাসী। বিএনপিরই পায়ের তলায় মাটি নেই, তাইতো তাঁরা কোথাও দাঁড়াতেই পারছেন না।'
'যাঁরা দলীয় প্রধানের মুক্তির জন্য একটি মিছিল পর্যন্ত করতে পারেন না, তাঁরা (বিএনপি) আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 'বিএনপি নেতারা গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছেন ৷ অথচ জনগণ তো দূরে থাক, তাদের দলের কর্মীরাও এখন আর মাঠে নামেন না। কারণ বিএনপির নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, '১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা, ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতির ধারা। জাতীয় জীবন ও রাষ্ট্রীয় পরিসর থেকে নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ৷ স্বাধীনতার ঘোষণার পাঠককে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা চালানো হয় ৷ ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টাও করা হয়।'
ওবায়দুল কাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐকবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'লক্ষ্য অর্জনে হই নিবেদিত প্রাণ।'
ভার্চুয়াল প্লাটফর্মে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. সুলতানা শফির সভাপতিত্বে আর বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051