ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বুধবার দুপুরে নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হুঁশিয়ারি দেন।
দলের আদর্শকে বিসর্জন না দেওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে, এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়।
বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই এই বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশ আবারও রক্তের বন্যা বইয়ে দিবে, বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে।
ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলছে পরিকল্পিত মিথ্যাচার। তিনি বলেন, যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী নাটোর জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051