আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। জনগণকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে এ দেশে গণতন্ত্র আছে। প্রমাণ করে দিতে হবে যে আমাদের মানুষ ভোট দিতে পারে। সেজন্য যেরকম পরিস্থিতি আপনারা চাইবেন ঠিক সেরকম পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি করে দেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলায় ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
আইনমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করেনা। ষড়যন্ত্রে একবার জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেবো না। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব জনগণের শক্তিতে। আমাদেরকে ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।’
খালেদা জিয়ার বিদেশ যেতে চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবিক কারণে দুটি দুর্নীতির মামলায় দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। উনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন। হাসপাতালে যাওয়ার দিন থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলেনা। কিন্তু উনাদেরকে বিদেশে যেতে দিতে হবে। আমরা বললাম চিকিৎসা তো হচ্ছে। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও বলে বিদেশ যেতে দেন।’
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিউনাসহ আরও অনেকে।
জনসভায় আইনমন্ত্রীর একান্ত সচিব নূর কুতুব উল আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051