ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ বাহিনীর হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে ২৮ নাবিকের সঙ্গে আটকে পড়েছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার প্রকৌশলী রবিউল আওয়াল। তিনি বাঁচার আকুতি জানিয়ে বড় ভাইয়ের মোবাইলে খুদে বার্তা পাঠিয়েছেন। খুদে বার্তায় তিনি লিখেছেন, ‘ভাই আমরা আতঙ্কিত, আমরা বাঁচতে চাই, দেশে ফিরতে চাই।’
রবিউল আওয়াল ওই জাহাজের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাহারপুর গ্রামের মো. হোসেন আলীর ছেলে।
রবিউলসহ জাহাজটিতে থাকা আরও ২৮ নাবিক সহযোগিতা পেতে তাদের স্বজনদের কাছে আকুতি জানিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠাচ্ছেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুর আড়াইটার দিকেও রবিউলের সঙ্গে যোগাযোগ হয়েছে পরিবারের। বর্তমানে ওই এলাকায় বোমা কম ফেলা হচ্ছে বলে রবিউল তার ভাইকে জানিয়েছেন। তারপরও তারা খুবই আতঙ্কে রয়েছেন। যে কোনো মূল্যে তাদের রক্ষা করতে সরকারসহ বিভিন্ন জনের সহযোগিতা কামনা করছেন।
এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের বন্দরে থাকা পণ্যবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রাশিয়ান সেনারা। এতে জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। এরপর থেকেই জাহাজে থাকা ২৮ জন নাবিক আতঙ্কের মধ্যে রয়েছেন।
জাহাজটির সহকারী প্রকৌশলী রবিউল আওয়ালের বড় ভাই আজিজুল হক খান জানান, তার ভাইসহ জাহাজে বর্তমানে ২৮ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। তারা সবাই আতঙ্কে আছেন। তার ভাইয়ের সঙ্গে প্রতিনিয়তই খুদে বার্তায় যোগাযোগ হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051