বগুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর চালিয়ে ভন্ডুল করে দিয়েছে আওয়ামী লীগের আরেক গ্রুপের নেতাকর্মীরা। করোনার সংক্রমণের মধ্যে এক তরফা সম্মেলনের আয়োজন করায় এই হামলা করা হয়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীর হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে হামলার ঘটনা ঘটে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা জানান, বগুড়া জেলাকে করোনার রেড জোন ঘোষণা করার কারণে কেন্দ্র থেকে বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলার সম্মেলন স্থগিত করা হয়েছে। এরমধ্যে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, যেহেতু কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়েছে। এ কারণে সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং আমি নিজেও সম্মেলনে অনুপস্থিত থাকি।
এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেন, আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল।এ কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ করে স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি অন্য একটি কর্মসুচিতে থাকায় আমি নিজেই সম্মেলনে প্রধান অতিথি ছিলাম। সম্মেলনে প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হয়। সন্ধ্যার পর ২য় অধিবেশন শুরু হলে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হযরত আলীর নেতৃত্বে সম্মেলন স্থলে হামলা করে ভাঙচুর করা হয়।
তিনি বলেন, পরে অন্য স্থানে কাউন্সিলরগন বসে আব্দুল হাই মাস্টারকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলনের বিশেষ অতিথি টি জামান নিকেতা বলেন, কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করার পরেও সেখানে সম্মেলনের আয়োজন করা কেন্দ্রের নির্দেশ অমান্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। সম্মেলনে দলের যে সকল নেতারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051