দ্বিতীয় সেশন তথা চা পানের বিরতির পর আলো স্বল্পতায় মাঠে আর একটি বলও গড়ায়নি। মাঠের আম্পায়াররা বিকেল ৪টা ০৬ মিনিটে ভেন্যু পরিদর্শন শেষে দিনের খেলা শেষ ঘোষণা করেন।
শনিবার (০৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। যেখানে প্রথম দিন শেষে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রানের সংগ্রহ পায় দলটি।
টেস্ট সিরিজ বাঁচানোর মিশনে শুরুতে ফিল্ডিং করে মমিনুলবাহিনী। এই স্বাগতিক একাদশে রয়েছে অনেক চমক। বাংলাদেশের ৯৯তম টেস্টে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও খালেদ হোসেনও। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি।
সকালের সুইং ব্যবহার করে দুই পেসার এবাদত ও খালেদের বোলিংয়ের শুরুটা হয় আঁটসাঁট। কিন্তু ধীরে ধীরে সেট হয়ে হাত খুলতে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ ও শফিক। দুজনের জুটি ৫০ পেরিয়ে যায়। কিন্তু তাদের বেশিদূর যেতে দেননি তাইজুল। ১৯তম ওভারে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারের জুটি ভাঙেন তিনি। এই বাঁহাতি স্পিনারের বল শফিকের ব্যাট ও প্যাডকে ফাঁকি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। ৫০ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন শফিক। ৫৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানের আরেক ওপেনার আবিদ আলীকেও বেশিদূর যেতে দেননি তাইজুল। বাঁহাতি স্পিনারের বলে কাট করতে গেলে বল আবিদের ব্যাটের কানা ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত হানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবিদ এবার বিদায় নিলেন ৮১ বলে ৬ চারে ৩৯ রান করে। কিন্তু এরপর বাবর জম ও আজহার মিলে দারুণ জুটি গড়েন।
বৃষ্টির কারণে মিনিট পনেরো খেলা বন্ধ থাকার পর সাকিবের বলে বাবরের ক্যাচ সীমানার কাছাকাছি ফেলে দেন খালেদ। পাকিস্তানি ডানহাতি ব্যাটার তখন ৩৯ রানে ব্যাট করছিলেন। সেই মিস হওয়া ক্যাচটি চার হয়ে যায়। পরের বলেও সাকিবকে চার মারেন বাবর। জীবন পাওয়ার পর বাবর ৭৫ বলে ফিফটি তুলে নেন। পাকিস্তানের অধিনায়ককে যোগ সঙ্গ দিচ্ছেন আজহার আলী। দুজনের জুটিতে ৮০-এর বেশি রান এসে গেছে।
চা বিরতির আগমুহূর্তে ৫৭তম ওভারে আজহার আলীর হাঁকানো একটা বাউন্ডারি আটকাতে গিয়ে বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে সংঘর্ষ হয় খালেদ আহমেদের। তিনি আঘাত পাওয়ায় বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন নাঈম শেখ। দ্বিতীয় সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। অধিনায়ক বাবর ৬০ রানে এবং আজহার ৩৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051